[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, জনতার হাতে আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৩২ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে মো. আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার রাত সোয়া ৮টার দিকে শনিরআখড়ার একটি ক্রোকারিজের দোকানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যবসায়ী আসলাম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় রাসেল, মোহনসহ আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি দোকানের উত্তর পাশের গলি দিয়ে পূর্ব দিকে যায়।

কিছুক্ষণ পর তারা আবার ফিরে আসে। এ সময় তাদের একজন দুই হাতে দুটি পিস্তল নিয়ে দোকানে প্রবেশ করে আসলাম খানকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

দুর্বৃত্তটি চার রাউন্ড গুলি ছোড়ে বলে স্বজনদের দাবি। এর মধ্যে দুটি গুলি আসলাম খানের শরীরে লাগে।

একটি গুলি তার বাম গালের নিচে এবং অন্যটি ডান হাতে বিদ্ধ হয়।

গুলিবিদ্ধ হওয়ার পরও আসলাম খান ওই ব্যক্তিকে প্রতিরোধের চেষ্টা করেন। একপর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে দোকান থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি।

তখন দোকানের কর্মচারী রাসেল ও মোহনসহ স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া করে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কদমতলী থানার পুলিশ পরিদর্শক সজীব কুমার বারৈ জানান, স্থানীয় বাসিন্দা ও গুলিবিদ্ধ ব্যবসায়ীর শ্বশুরের কাছ থেকে তারা ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য পেয়েছেন।

মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার গালের নিচে ও ডান হাতে গুলি লাগে।

তিনি বলেন, আহত ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

আসলাম খানের স্বজনদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

তবে হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর