[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

নকল ওষুধ বিক্রি করায় লাজফার্মাকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১১:৪২ এএম

টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া এলাকায় নকল ওষুধ বিক্রির

অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে ফার্মেসিটিতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর রাতেই দোকানে অভিযান চালিয়ে কয়েকটি সন্দেহজনক ওষুধ জব্দ করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় সেগুলো নকল প্রমাণিত হলে আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে অবহেলার সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষায় নকল নিশ্চিত হওয়ায় জরিমানা করা হয়েছে।

অন্যদিকে লাজফার্মার পক্ষ থেকে দাবি করা হয়, তাদের সরবরাহকারীর এক প্রতিনিধির প্রতারণার কারণে ভুলবশত এসব ওষুধ দোকানে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় ভেজাল ও অননুমোদিত ওষুধের বিস্তার দিন দিন বাড়ছে, যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন ফার্মেসিতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

অভিযানকালে সেনিটারি ইন্সপেক্টর শাহিদা আক্তার, ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসআর

সম্পর্কিত খবর