[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

‘মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৪:৪৭ এএম

সংগৃহীত ছবি

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, বিয়ের ব্যয় বেড়ে যাওয়ায় সমাজে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া দিনদিন কঠিন হয়ে পড়ছে।

তিনি বলেন, ‘‘৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণবিবাহ আয়োজনের সিদ্ধান্তই প্রমাণ করে—বিয়ে এখন কতটা কঠিন। মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত।’’

সোমবার (১৪ জুলাই) রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা ভবনের স্পেকট্রাম কনফারেন্স রুমে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সভার আয়োজন করে রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়।

বিভাগীয় কমিশনার আরও বলেন, বর্তমানে অধিকাংশ পরিবারেই একটির বেশি সন্তান নেই। ‘‘দুই জন মানুষের একটি সন্তান—এটা অনেকটাই কম। এ হার বাড়ানো দরকার,’’ বলেন তিনি। শিক্ষার্থীদের মধ্যে বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। কিশোর-কিশোরীদের মধ্যে খেলাধুলা ও পরিবেশ সচেতনতা বাড়াতে বিভিন্ন ক্লাব গঠনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘‘ওরা বিভিন্ন জায়গায় ঘুরবে, জ্ঞান আহরণ করবে এবং জনস্বার্থে কাজ করবে। একই সঙ্গে সন্তানদের ন্যায্যতা ও সম্ভাবনা সম্পর্কেও সচেতন করা জরুরি।’’

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ডা. কস্তুরী আমিনা কুইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. বায়েজীদ-উল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠান শেষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়। বিভাগ পর্যায়ে চারজন শ্রেষ্ঠ কর্মী ও ছয়টি প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে চার কর্মী ও পাঁচটি প্রতিষ্ঠান এবং থানা পর্যায়ে দুই কর্মীকে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

এসআর

সম্পর্কিত খবর