[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

আবু সাঈদ হত্যাকাণ্ড: বেরোবির ৫৬ শিক্ষার্থী বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৫ ৮:১০ এএম

ফাইল ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার এবং ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী। তিনি জানান, শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী, ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ৩৩ জনকে দ্বিতীয় সেমিস্টার এবং ২৩ জনকে প্রথম সেমিস্টার ড্রপের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী নিপীড়নের ঘটনায় অভিযুক্ত বেশিরভাগ শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মী। হামলায় জড়িত শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সাময়িকভাবে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তবে নোটিশের জবাব না পাওয়ায়, আগামী সিন্ডিকেট সভায় তাদের পূর্ণাঙ্গ বহিষ্কারের বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. শওকত আলী।

এছাড়া, ২০১৮ সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সিন্ডিকেট সদস্যরা উপাচার্যকে সমর্থন জানিয়েছেন।

১০৯তম সিন্ডিকেট সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যা হলো—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হবে না। পাশাপাশি, ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর