[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে আরও ২ জাহাজ যুক্ত, সেন্টমার্টিন যাচ্ছেন ১,৫৫৪ পর্যটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১১:০৫ এএম

সংগৃহীত ছবি

অনুমোদন জটিলতা কাটিয়ে চলতি মৌসুমে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলের দ্বিতীয়

 দিনে 'এমভি বারো আউলিয়া'র পাশাপাশি আরও দুটি জাহাজ—'এমভি কর্ণফুলী' ও 'এমভি টেকনাফ' যুক্ত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ দুটি দ্বীপটির উদ্দেশে ছেড়ে যায়। এতে তিনটি জাহাজে করে মোট ১,৫৫৪ জন পর্যটক সেন্টমার্টিন যাচ্ছেন। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক রয়েছেন।

​এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রথম দিনে ৮৩৬ জন পর্যটক নিয়ে এমভি বারো আউলিয়া সেন্টমার্টিন যায় এবং রাতে কক্সবাজারে ফিরে আসে।

​সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটন চালুর কথা থাকলেও প্রশাসনিক অনুমোদন, নৌযান চলাচলের ছাড়পত্র ও পরিবেশগত শর্তসংক্রান্ত জটিলতায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা যায়নি। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত অনুমোদিত ৩টি জাহাজ নিয়মিত চলাচল করবে। যার মোট ধারণক্ষমতা ২,৩০০ জন। তবে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি থাকায় ভবিষ্যতে জাহাজের সংখ্যা আরও বাড়তে পারে।

​নুনিয়ারছড়া ঘাটে নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পুলিশ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা দেখা গেছে। পর্যটকেরা দ্বীপে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার করেছেন। তবে অনেকেই টিকিটের মূল্য বেশি হওয়ায় হতাশা প্রকাশ করে ভাড়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

​চলতি মৌসুমে সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দেওয়ার পাশাপাশি ট্রাভেল পাস এবং কিউআর কোডযুক্ত টিকিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া দ্বীপের ভঙ্গুর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় রাতে সমুদ্রসৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি কেয়াবনে প্রবেশ ও কেয়া ফল বেচাকেনা, সামুদ্রিক সম্পদ ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধন এবং সৈকতে মোটরসাইকেল বা সি-বাইকসহ সব ধরনের যানবাহন চালানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর