[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

নেত্রকোনার পূজামণ্ডপে সিসিটিভি স্থাপনের পরামর্শ পুলিশের

নেত্রকোনা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

শ্রী শ্রী কালীপূজা-২০২৬ ঘিরে নেত্রকোনায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।

পূজামণ্ডপের সার্বিক সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

এ উপলক্ষে মঙ্গলবার (৩ নভেম্বর) নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশের কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

 

সভায় পুলিশ সুপার জানান, পূজার সময় প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যদেরও নজরদারিতে রাখা হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও উসকানিমূলক প্রচারণার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা প্রতিরোধে অনলাইন কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলেও জানান তিনি।

 

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেন পুলিশ সুপার। একই সঙ্গে সন্দেহজনক কোনো ব্যক্তি বা পরিস্থিতি চোখে পড়লে কিংবা আইনশৃঙ্খলাসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে অবহিত করতে কমিটির সদস্যদের অনুরোধ করেন।

 

পুলিশ সুপার বলেন, উৎসবের নিরাপদ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ ও পূজা উদযাপন কমিটির সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় কালীপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর