[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

কুমিল্লায় নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার, পালানোর কারণ জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ৯:১৫ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিখোঁজ চার ছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটকে আকৃষ্ট হয়ে পড়াশোনা ছেড়ে স্বাধীনভাবে জীবনযাপনের পরিকল্পনা থেকে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

বুধবার (১৪ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীর মধ্যে তিনজন পঞ্চম শ্রেণিতে এবং একজন তৃতীয় শ্রেণিতে পড়ে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই ছাত্রীরা। কিন্তু তারা ক্লাসে উপস্থিত হয়নি। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ সুপারকে জানায়। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ অনুসন্ধান শুরু করে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার পাশাপাশি দেশের বিভিন্ন থানায় শিক্ষার্থীদের ছবি পাঠানো হয়। পরে ১৩ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

 

 

পুলিশ জানায়, শিক্ষার্থীরা নিয়মিত মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করত এবং টিকটকে ভিডিও প্রকাশ করত। এভাবে অনলাইনে কয়েকজন তরুণের সঙ্গে তাদের পরিচয় ও যোগাযোগ গড়ে ওঠে। তবে পরিচিত ওই ব্যক্তিদের প্রকৃত পরিচয় ও ঠিকানা সম্পর্কে তারা নিশ্চিত ছিল না বলে পুলিশকে জানিয়েছে।

 

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, অনলাইন যোগাযোগের প্রভাবে চার ছাত্রী নিজেরা আয় করে চলার পাশাপাশি পরিচিত তরুণদের সঙ্গে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করেছিল। এ উদ্দেশ্যে তারা বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে বের হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে কুমিল্লার কান্দিরপাড়ের বাহার মার্কেটে এক ছাত্রীর অ্যান্ড্রয়েড ফোন চার হাজার টাকায় বিক্রি করে তারা ঢাকায় যায়। সেখানে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে পরে এক ছাত্রীর দাদার বাড়ি চুনারুঘাটে চলে যায়।

 

পরবর্তী সময়ে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে স্বর্ণালংকার এবং বিক্রি করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ অভিভাবকদের সন্তানদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন থাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এসআর

সম্পর্কিত খবর