জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হঠাৎ ডায়রিয়া আক্রান্ত রোগীর
সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ১৫৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। অতিরিক্ত রোগীর চাপে নির্ধারিত ওয়ার্ডে শয্যাসংকট দেখা দেওয়ায় বহু রোগীকে মেঝে ও বারান্দায় অবস্থান নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালের হিসাব অনুযায়ী, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮ জন এবং পরবর্তী ২৪ ঘণ্টায় (রোববার থেকে সোমবার সকাল ৮টা) আরও ৬৮ জন নতুন রোগী ভর্তি হন। সোমবার সকাল পৌনে ১০টা নাগাদ হাসপাতালে মোট চিকিৎসাধীন ডায়রিয়া রোগীর সংখ্যা দাঁড়ায় ১৬১ জনে। অথচ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নির্ধারিত বেড রয়েছে মাত্র ৪২টি, যা বর্তমান মোট রোগীর তুলনায় প্রায় চারগুণ কম।
শয্যা না পেয়ে বাধ্য হয়ে অনেক রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের মেঝেও দীর্ঘ বারান্দায় বিছানা পেতেছেন। হঠাৎ রোগীর ঢল নামায় জরুরি সেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হলেও পর্যাপ্ত স্যালাইন ও ওষুধের সুবিধাসহ সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন তারা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল জানান, হাসপাতালে আইভি স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট নেই। মূলত আবহাওয়া পরিবর্তন, পচা-বাসী বা খোলা খাবার গ্রহণ এবং অনিরাপদ পানি পানের কারণেই এ রোগের প্রকোপ বাড়ছে। ডায়রিয়া প্রতিরোধে সাধারণ মানুষকে খাবার গ্রহণের বিষয়ে সচেতন হওয়ার এবং সর্বদা বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।
এসআর