কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমনকে কুমিল্লায় নিয়ে এসেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে সুমনকে কুমিল্লায় আনা হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।
তিনি জানান, চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কুমিল্লায় নেওয়া হয়েছে। মামলাটির তদন্তে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, তাজমিনের মৃত্যুর পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে। সুমন মুঠোফোনে যাঁদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে চট্টগ্রামে তাঁর ভাইয়ের বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তদন্তকারীরা হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন।
এসআর