[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

চলন্ত রমনা কমিউটার ট্রেনের কোচ থেকে তার চুরি, চরম ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৪ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের চিলমারী থেকে রংপুরগামী ‘রমনা কমিউটার’ ট্রেনের চলন্ত কোচ থেকে বাতি ও

 ফ্যানের বৈদ্যুতিক সার্কিটের তার চুরির ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উলিপুর রেলওয়ে স্টেশনের অদূরে বালাবাড়ী এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এর ফলে ট্রেনের ৭০৩২ নম্বর কোচটি বিদ্যুৎবিহীন হয়ে পড়ায় অন্ধকার ও গরমে যাত্রী সাধারণের চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়।

​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেনটি উলিপুর স্টেশন অতিক্রম করার পরপরই হঠাৎ বাতি ও ফ্যান বন্ধ হয়ে যায়। প্রথমে একে সাধারণ যান্ত্রিক ত্রুটি মনে করলেও পরবর্তীতে রেলকর্মীদের অনুসন্ধানে সার্কিটের তার চুরির বিষয়টি সামনে আসে। অন্ধকার হয়ে পড়ায় যাত্রীদের মাঝে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​ঘটনার বিষয়ে উলিপুর স্টেশনে দায়িত্বে থাকা শিউলি বেগম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। অন্যদিকে উলিপুর স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ আবিদ জানান, তিনি অতিরিক্ত দায়িত্বে পীরগাছায় মূল দায়িত্বে থাকায় এ ব্যাপারে বিস্তারিত বলতে পারছেন না। ২৭ সেপ্টেম্বর ট্রেনে দায়িত্বে থাকা পরিচালক অজিত রায় জানান, ট্রেনের বিদ্যুৎ ব্যবস্থার বিষয়টি ইলেকট্রিশিয়ান দেখে থাকেন এবং পাওয়ার কার থেকে তাকে এমন কোনো অভিযোগ জানানো হয়নি।

​লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলাম লোকবল সংকটের কথা স্বীকার করে জানান, লোকবল কম থাকায় উক্ত ট্রেনে নিরাপত্তাকর্মী দেওয়া সম্ভব হয়নি এবং তার চুরির ঘটনাটিও তাকে কেউ অবহিত করেনি। তবে নতুন নিয়োগ হলে ট্রেনের নিরাপত্তায় সদস্য বাড়ানো হবে বলে জানান তিনি।

​উল্লেখ্য, এই রুটে রেললাইনের পাথর ও সরঞ্জাম চুরির ঘটনা এর আগেও ঘটেছে। চলন্ত ট্রেন থেকে এভাবে তার চুরির ঘটনায় রেলওয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি এবং রেলযাত্রার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় ও সাধারণ যাত্রীরা।

এসআর

সম্পর্কিত খবর