যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারণা ও ভুয়া
কাগজপত্র তৈরির দায়ে একটি চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৬ (এসআরবি-৬)-এর সদস্যরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলবাজারের একটি ভাড়া বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন দেশের ভুয়া ড্রাইভিং লাইসেন্স, জাল পরিচয়পত্র (এনআইডি) এবং অনলাইনে ভুয়া নথি বানানোর কাজে ব্যবহৃত কম্পিউটারসহ নানা যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ঝিনাইদহের বোংকিরা গ্রামের আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছার কলাগাছি গ্রামের রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুরের ফাহিম সাদিক এবং জলিলপুর গ্রামের সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, রেলবাজার এলাকার লাল মিয়ার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চক্রটি তাদের এই অবৈধ কাজ চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরাই ছিল এই চক্রের প্রধান লক্ষ্য। তারা প্রথমে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কার্ডের তথ্য হ্যাক বা সংগ্রহ করত। পরবর্তীতে সেসব নথিতে বিদেশগামীদের ছবি ও তথ্য বসিয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে মোটা অংকের টাকায় বিক্রি করত।
কোম্পানি কমান্ডার আরও উল্লেখ করেন, বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার অভিযোগের সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। উদ্ধার করা আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসআর