কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে। কুমিল্লা নগরীসহ বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়।
অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অপরাধে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কিশোর গ্যাংবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই ধরনের অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে ১৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। অন্যদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।
এসআর