নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সহসভাপতি এম এ খালেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় এম এ হান্নান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা মাঠে থাকবেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কেউ নৈরাজ্য, গুপ্ত হামলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন বলেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কাজ করছেন।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আযম চৌধুরী বলেন, তারা সংঘাত বা নৈরাজ্য চান না। মানুষের স্বাভাবিক জীবনযাপন, ব্যবসা-বাণিজ্য ও নিরাপদ চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
সমাবেশ থেকে নেতারা নাসিরনগরের সর্বস্তরের মানুষকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলেন।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসআর