[email protected] বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩

মরিয়মের মৃত্যুর ঘটনায় বিচার দাবি, শ্যামনগরে গাজী নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭:৪৫ পিএম

সংগৃহীত ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা।

কর্মসূচি থেকে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবিও জানানো হয়।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

 

বাবলাতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্যামনগর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

 

সমাবেশে বক্তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানান। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তাঁরা।

 

বিক্ষোভকারীরা বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্তের প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে তদন্তে কোনো ব্যক্তি দায়ী হিসেবে চিহ্নিত হলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

 

এদিকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান। তাঁর মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

এসআর

সম্পর্কিত খবর