ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের পরদিন আরজান মিয়া (৩০) নামের এক
অটোরিকশাচালকের কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর সরকারি কলেজের গেটের সামনে মামুন মার্কেটের পাশ থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। পরে বুড়িশ্বর ইউনিয়নের বেনিপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় নিহত ব্যক্তির অটোরিকশাটি। নিহত আরজান হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার ছেলে।
স্বজনরা জানান, রোববার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আরজান। রাতে তাঁর মুঠোফোনে কল দেওয়া হলে দুবার রিং হওয়ার পর ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা নাসিরনগরে এসে আরজানের পরিচয় শনাক্ত করেন। পরিবারের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে।
তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শচীন চাকমা ঘটনাস্থল পরিদর্শনের কথা জানালেও হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত কিছু বলা হয়নি।
এসআর