[email protected] শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে অভিযানে যুবলীগ নেতাসহ ১০ জন গ্রেপ্তার

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯:৫১ পিএম

সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে বোদায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ছয়জন এবং দেবীগঞ্জে যুবলীগের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বোদা উপজেলার ধকরাহাট সুবহানাকা পেট্রোল পাম্প এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। পরে মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

 

পুলিশের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে ওই মিছিল বের করা হয়। মিছিলের ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় পরে আল আমিন নামের আরও একজনকে আটক করা হয়।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, মিছিলের দিন অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

 

অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলায় যুবলীগের ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।

 

পুলিশ জানায়, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে যুবলীগ। ওই কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা বের হচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসানো হয়। পরে সেখানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ২০২৫ সালে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

এসআর

সম্পর্কিত খবর