[email protected] রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে পাথর নিক্ষেপ করে পুলিশে হামলা, আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৬ পিএম

সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

হামলাকারীদের ছোড়া পাথরে মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।

 

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেওয়া আসামি রাহুল এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোজাম্মেল (৩০), আশরাফুল (২৪), নাইম মিয়া (২৮), সোহাগ (৩০) ও আদর (২১)।

 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল কেরানীরটেক মাদক বস্তি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে আটক করা হয়।

 

পরে তাকে থানায় নেওয়ার সময় টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কয়েকজন পুলিশের পথ আটকে দেয়। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে। এতে কনস্টেবল মাসুদ আহত হন। হামলার মধ্যে সুযোগ নিয়ে রাহুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে অভিযান শুরু করে। পরে রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।

 

টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালানো হয়।

পাথরের আঘাতে এক কনস্টেবল আহত হয়েছেন। এ সুযোগে রাহুলকে ছিনিয়ে নেওয়া হয়। তাকে ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এসআর

সম্পর্কিত খবর