রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত চার কক্ষের পৌর শিশু
হাসপাতালটি প্রায় ২২ বছর সফলতার সঙ্গে সেবা দেওয়ার পর ২০১৭ সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। তৎকালীন মেডিকেল অফিসার ডা. আব্দুর রশিদ স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর আর্থিক সংকটের কারণে নতুন কোনো চিকিৎসক নিয়োগ দিতে না পারায় প্রতিষ্ঠানটি পরিত্যক্ত অবস্থায় রূপ নেয়। তবে দীর্ঘদিন পর হাসপাতালটি পুনরায় চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজবাড়ী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক কল্যাণ চৌধুরী হাসপাতাল ভবনটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জরাজীর্ণ ভবনের সার্বিক খোঁজখবর নেন এবং শিশুদের চিকিৎসাসেবা ফের নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পৌর প্রশাসক জানান, আসন্ন পৌরসভার মাসিক সভায় আলোচনার পাশাপাশি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের সাথে পরামর্শ করে দ্রুত পুনর্সংস্কার ও জনবল নিয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রাজবাড়ী পৌরসভার এই নতুন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা আশার আলো দেখছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে তারা হাসপাতালটির কার্যক্রম দ্রুত চালুর দাবি জানিয়েছেন।
এসআর