[email protected] মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
৩ ভাদ্র ১৪৩৩

চার বছর আগে বন্ধ হওয়া গার্মেন্টস শ্রমিকদের মহাসড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪ ২:৫২ এএম

ফাইল ছবি

সাভারের ঢাকা ইপিজেডে অবস্থিত লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস গার্মেন্টস কারখানা বন্ধ হওয়ার পর চার বছর পর শ্রমিকরা পাওনা টাকার দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে অংশ নিয়েছেন সাড়ে সাত হাজার শ্রমিক, যারা মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে মহাসড়কে অবস্থান নেন।

এতে সড়কটির উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে কর্তৃপক্ষ লেনী ফ্যাশন কারখানা বন্ধ করে দেয়। তবে তাদের বকেয়া বেতন, অর্জিত ছুটি এবং সার্ভিস বেনিফিট এখনো পরিশোধ করা হয়নি।

শ্রমিকরা আরও জানান, বারবার পাওনা পরিশোধের জন্য তারিখ দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। এই কারণে তারা মহাসড়কে অবস্থান নিয়েছেন এবং দাবি করছেন যে, তাদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

শিল্প পুলিশ জানিয়েছে, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের জন্য মহাসড়কে বিক্ষোভ করছেন এবং তারা এ বিষয়ে ব্যবসায়ী কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

লেনী অ্যাপারেলস লিমিটেডের এক কর্মী মো. ইসলাম বলেন, "কারখানা বন্ধ হওয়ার সময় এক মাসের বেতনসহ ৪৪ হাজার টাকা পাওনা রয়েছে। তবে এখনও এক টাকাও পাইনি। ৩০ নভেম্বর শ্রমিকদের টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, আমরা সন্দেহ করছি যে, এই তারিখেও টাকা পাব না।"

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন, "২০২১ সালে সংকটের কারণে লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা বন্ধ হয়ে যায়, তবে শ্রমিকদের পাওনা এখনো বকেয়া রয়েছে।"

এ বিষয়ে জানতে ডিইপিজেড নির্বাহী পরিচালক আবদুস সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ব্যস্ততার কারণে কোনো মন্তব্য করেননি।

পুলিশ জানিয়েছে, তারা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত আছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর