[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়েনি - পানিসম্পদ প্রতিমন্ত্রী

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৯:২০ পিএম

সংগৃহীত ছবি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, অতীতের অনেক বাজেটের পর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির অভিযোগ শোনা গেলেও চলতি অর্থবছরের বাজেটে সে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তার মতে, সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় রেখে প্রণীত হওয়ায় এটি একটি জনকল্যাণমুখী বাজেট।

শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনা থাকলেও বড় লক্ষ্য ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উচ্চাভিলাষী বাজেট প্রয়োজন। তিনি উল্লেখ করেন, স্বপ্ন ও পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়, তাই বৃহৎ বাজেটকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই।

তিনি আরও বলেন, এবারের বাজেটের কারণে জনগণের দৈনন্দিন ব্যয়ের ওপর নতুন কোনো উল্লেখযোগ্য চাপ তৈরি হয়নি। ফলে সাধারণ মানুষের কল্যাণের দিক বিবেচনায় বাজেটকে ইতিবাচক হিসেবেই দেখা উচিত।

দেবীগঞ্জে দীর্ঘদিন স্থবির থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম চালু করতে সরকার ধাপে ধাপে উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ৪১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি জীবিকায়নের অংশ হিসেবে ৬০টি পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

পরে প্রতিমন্ত্রী উপজেলার নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করে সম্ভাব্য তীররক্ষা বাঁধ নির্মাণের স্থানগুলো ঘুরে দেখেন।

এছাড়া তেপুকুরিয়া আদর্শ বালিকা বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ও ওয়াশরুম নির্মাণকাজের উদ্বোধন এবং ধামেরঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসআর

সম্পর্কিত খবর