[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে তদবিরের অভিযোগ, গ্রেফতার এক ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ৯:৫৮ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-১) পরিচয় ব্যবহার করে সরকারি বিভিন্ন দপ্তরে প্রভাব বিস্তার, তদবির ও নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তি আব্দুল্লাহ আল মামুন (৪৬) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে রাজধানীর সাভারের রাঢ়ীবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

শুক্রবার বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, দীর্ঘদিন ধরে মামুন ভুয়া পরিচয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রভাব খাটানোর চেষ্টা করে আসছিলেন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৮ মে তিনি একটি মোবাইল নম্বর ব্যবহার করে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ফোন দেন। ফোনে নিজেকে প্রধানমন্ত্রীর এপিএস-১ পরিচয় দিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনাটি সন্দেহজনক মনে হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানান। পরে প্রকৃত এপিএস-১ ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ।

 

অভিযানের সময় মামুনের কাছ থেকে একটি মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, ‘প্রেস’ লেখা একটি জিপগাড়ি, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট’ সম্বলিত লিফলেট এবং জমি কেনাবেচার বিভিন্ন নথির ফটোকপি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সুপার আরও জানান, মামুনের বিরুদ্ধে এর আগেও চেক জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি বলেও উল্লেখ করেন তিনি।

এসআর

সম্পর্কিত খবর