[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

রামিসা হত্যার বিচার দাবিতে কক্সবাজারে মানববন্ধন

কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২২ মে ২০২৬ ৩:০৯ পিএম

সংগৃহীত ছবি

দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রামিসা, উর্মি ও আছিয়াসহ বিভিন্ন ঘটনায় ক্ষোভ জানিয়ে এই কর্মসূচিতে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় কক্সবাজার পৌরসভা চত্বরে কক্সবাজার জেলা খেলাঘর আসরের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে শিশু নির্যাতন বন্ধ ও নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না। সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাংবাদিক দীপক শর্মা দীপু।

মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক জসিম উদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা প্রতিনিধি এম জসিম উদ্দিন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান, ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্সের সভাপতি রাজীব দেবদাস, ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বুলবুলে জান্নাত, সিমুনিয়া খেলাঘর আসরের সভাপতি ধ্রুব সেন দে, আনন্দময় খেলাঘর আসরের সভাপতি মাহবুবুর রহমান এবং সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকসহ আরও অনেকে।

বক্তারা বলেন, শিশুদের ওপর সংঘটিত নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ড সমাজে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।

বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধীরা শাস্তি এড়িয়ে যায় বলেও মন্তব্য করেন তারা।

তারা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণ ও হত্যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

একই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান বক্তারা।

মানববন্ধনে খেলাঘরের বিভিন্ন শাখার সদস্য, অভিভাবক, স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এসআর

সম্পর্কিত খবর