সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া
অধিদপ্তর। আজ রোববার (৫ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের মতে, আজ দুপুর ১টা পর্যন্ত সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নৌযান চলাচলে ঝুঁকি এড়াতে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে।
চলতি এপ্রিল মাসের সামগ্রিক আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে:
ঘূর্ণিঝড় ও লঘুচাপ: বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
কালবৈশাখী ও শিলাবৃষ্টি: এ মাসে ৫ থেকে ৭ দিন মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। সাথে থাকতে পারে শিলাবৃষ্টি।
তাপপ্রবাহ: ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যার ফলে গরমের তীব্রতা বাড়তে পারে।
নদ-নদী: এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।
বিদায়ী মার্চ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অনেক বেশি। গত মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে (৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে (৮৩ মিলিমিটার)।
এসআর