কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে নিলামের ঘোষণা থাকলেও তা গোপনে সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। পাশাপাশি নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাছ কাটার ঘটনাও সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, কাঁঠালবাড়ী ইউনিয়ন ভূমি অফিস চত্বরে থাকা গাছ বিক্রির জন্য নিলামের ঘোষণা দেওয়া হলেও নির্ধারিত দিন ও স্থানে কোনো কার্যক্রম দেখা যায়নি। এতে আগ্রহী অনেকেই নিলামে অংশ নিতে পারেননি।
নিলাম-সংক্রান্ত তথ্য অনুযায়ী, নতুন ভবন, পার্কিং ও রাস্তা নির্মাণের জন্য মোট ২১টি গাছ কাটার সিদ্ধান্ত হয়েছিল। এ জন্য একটি ভিত্তিমূল্যও নির্ধারণ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই সীমিত অংশগ্রহণে নিলাম সম্পন্ন দেখানো হয়েছে।
এদিকে, যাকে সর্বোচ্চ দরদাতা বলা হচ্ছে, তিনি নিজেই নিলাম সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন। তার দাবি, তিনি সরাসরি এতে অংশ নেননি।
আরও অভিযোগ উঠেছে, ঈদের ছুটির সময় সুযোগ নিয়ে অতিরিক্ত গাছ কেটে ফেলা হয়েছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নির্ধারিত ২১টির পরিবর্তে মোট ২৮টি গাছ অপসারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট এক প্রকৌশল কর্মকর্তা জানিয়েছেন, বাস্তব কাজের প্রয়োজনে কয়েকটি অতিরিক্ত গাছ কাটা হয়েছে এবং তা অনুমোদনের মাধ্যমেই করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং বিষয়টি তদন্ত করা প্রয়োজন।
এসআর