[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

চৌদ্দগ্রামে নারীকে ঘিরে বিতর্ক, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক তালাকপ্রাপ্ত নারীর বাড়িতে এক ব্যক্তির প্রবেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনাকে ঘিরে একই গ্রামের দুই পক্ষ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উপজেলার কাশিনগর ইউনিয়নের একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সন্ধ্যার দিকে এক ব্যক্তি ওই নারীর বাড়িতে প্রবেশ করলে বিষয়টি কিছু যুবকের নজরে আসে। পরে তারা বাড়ির ভেতরে তল্লাশি চালাতে গেলে শুরু হয় বিতর্ক।


অভিযোগ রয়েছে, প্রথমে বাড়ির ভেতরে অন্য কারও উপস্থিতি অস্বীকার করা হলেও পরে একজন পুরুষকে ভেতরে পাওয়া যায়। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে স্থানীয়রা তাকে আটকে রাখে এবং পরে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।


পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য বৈঠক (শালিশ) অনুষ্ঠিত হয়। সেখানে অভিযুক্ত পক্ষ থেকে ভুল স্বীকার ও জরিমানার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে বলে একটি পক্ষ দাবি করেছে।


তবে পরদিন অপর পক্ষ সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোকে ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করে। তাদের দাবি, ব্যক্তিগত বিরোধের জেরে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে সম্মানহানির চেষ্টা করা হয়েছে।
এদিকে, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করে এবং মোটরসাইকেল নিয়ে কিছু যুবকের মহড়ার অভিযোগও উঠেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর