নেত্রকোনার মদন উপজেলায় এক বিএনপি নেতাকে পানিতে ডুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগকারী মেহেদী হাসান আকন্দ শফিক উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণবিষয়ক সম্পাদক। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির পাশের একটি বিলে ঘাস কাটতে গেলে বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে পানিতে চুবিয়ে নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। পরে আশপাশের মানুষজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
লিখিত অভিযোগে একই এলাকার সোহেল (৩৫), তার ভাই কায়েস (২৮), কাউসার (৩০) ও সাগর (২২)-কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত।
তবে অভিযুক্ত সোহেল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে শুধুমাত্র হাতাহাতির ঘটনা ঘটেছে, নির্যাতনের অভিযোগটি সঠিক নয়।
এদিকে ঘটনার প্রতিবাদে রোববার মদন পৌর এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: