[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা: ফিলিং স্টেশনে ভাঙচুর, তিন বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ১০:৩৬ পিএম

সংগৃহীত ছবি

ঝিনাইদহে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, একটি ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধরে নিরব নামে এক তরুণ নিহত হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন ফিলিং স্টেশনে হামলা চালায় এবং বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়।


শনিবার (৭ মার্চ) রাতে শহরের আরাপপুর এলাকার সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। একই রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা তিনটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


নিহত নিরব ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের বাসিন্দা আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশেই একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।


ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত প্রায় ৩টার দিকে বাস টার্মিনালে থাকা বাসে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে তারা।


এর আগে রাত প্রায় ১টার দিকে উত্তেজিত লোকজন আরাপপুরে অবস্থিত সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে।


নিহত নিরবের খালাতো ভাই সোহেল হোসেন দাবি করেন, মোটরসাইকেলে তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে নিরবের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন কর্মচারী লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করলে তিনি মারা যান। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।


অন্যদিকে সৃজনী পেট্রোল পাম্পের ক্যাশিয়ার আলামিন শেখ জানান, গভীর রাতে প্রায় ২০ থেকে ৩০ জনের একটি দল পাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কয়েকটি যন্ত্রপাতি নষ্ট করে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।


ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজ হোসেন বলেন, বাস টার্মিনালে রাখা তিনটি বাসে আগুন দেওয়ার পাশাপাশি সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, শনিবার রাত প্রায় ৮টার দিকে বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নেওয়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে কর্মচারীদের মারধরে নিরব গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এসআর

সম্পর্কিত খবর