[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

এম. এ রনী

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ৮:৩৯ এএম

ফাইল  ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে মামলায় খালাসপ্রাপ্ত অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, গত ১ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই মামলার সব আসামিকে খালাস দেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। হাইকোর্টের রায়ে তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। এরপর সেই আদেশ বিচারিক আদালতে পৌঁছালে রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমানসহ অন্যদের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

মামলার পটভূমি:

২০১৮ সালের ১০ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসির আদেশ দেন আদালত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

ওই বছরের ২৭ নভেম্বর বিচারিক আদালতের রায় সংক্রান্ত প্রয়োজনীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে দেওয়া হয়।

এই আদেশের ফলে মামলার আইনি প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

এসআর

সম্পর্কিত খবর