জাপানের নাগোয়া শহরে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা করেছেন যে, গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে সকল প্রকার আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখা হবে। মঙ্গলবার জাপানের সিবুকাওয়া ওয়েলফেয়ার
সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন যে, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে এবং এই রায় বাস্তবায়ন না করা মানে দেশের প্রতিটি নাগরিককে অপমান করা।
প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই অভ্যুত্থানে রেমিট্যান্স শাটডাউনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটাতে এবং পরবর্তী সময়ে দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডা. শফিকুর রহমান সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ৩৯ প্রবাসীর মুক্তির বিষয়ে কাজ করার অঙ্গীকারের পাশাপাশি জাপানের আদলে একটি নীতিবান ও জ্ঞান-বিজ্ঞানে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
দেশে গুম, খুন, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করে তিনি বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান এবং প্রয়োজনে নিজেদের ভুল সংশোধনের মানসিকতা পোষণ করেন। ইসলামিক মিশন জাপান আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি উপস্থিত ছিলেন।
এসআর