বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছিল ২০২৪ সালের মার্চে।
সে সময় রাকিবুল ইসলাম রাকিব সভাপতি এবং নাসির উদ্দীন নাসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন।
নির্ধারিত মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ায় ইতোমধ্যে এই কমিটির কার্যকাল শেষ হয়েছে।
এ অবস্থায় নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে বৈঠকে সংগঠনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
বিশেষ করে যোগ্য, ত্যাগী ও তরুণ নেতৃত্বকে সামনে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর ধারাবাহিকতায় আগামী ৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে ঢাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য ওই মতবিনিময় সভায় ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দলীয় একাধিক নেতা জানিয়েছেন, বর্তমান কমিটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নতুন কমিটিতে থাকা না-থাকা নিয়ে আলোচনা চলছে।
যদি বড় ধরনের পরিবর্তন আসে, তাহলে দীর্ঘদিন ধরে বঞ্চিত বা অপেক্ষায় থাকা নেতাকর্মীদের সামনে আসার সুযোগ তৈরি হতে পারে। এতে সংগঠনের গতিশীলতা বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ছাত্রদলের শীর্ষ পদগুলোতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে খোরশেদ আলম সোহেল, শ্যামল মালুম, আবু রাফসান মো. ইয়াহিয়া, আমান উল্লাহ আমান, সালেহ মো. আদনান, এসএম আবু জাফর, শরীফ প্রধান শুভ, মনজুরুল আলম রিয়াদ, ইজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, মমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, কাজী জিয়া উদ্দিন বাসিত, আজিজুল হক জিয়ন ও ডা. আউয়ালসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন, তা নিয়ে এখন সংগঠনের ভেতরে-বাইরে কৌতূহল বাড়ছে।
এসআর