রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৫ মে) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ওই দিনের ঘটনাটি দেশের ইতিহাসের একটি অত্যন্ত বেদনাদায়ক এবং কলঙ্কজনক অধ্যায়। প্রকৃত সত্য সামনে নিয়ে আসা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করা এখন সময়ের দাবি। তিনি মনে করেন, সেদিন ধর্মপ্রাণ মানুষের ওপর যে অভিযান চালানো হয়েছিল, তা ছিল মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের চরম পরিপন্থি।
তিনি গভীর দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার আজও সম্পন্ন হয়নি। এর ফলে ভুক্তভোগী পরিবারগুলো বছরের পর বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে, যা সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।
বিরোধীদলীয় এই নেতা আরও উল্লেখ করেন যে, একটি সভ্য রাষ্ট্রে বিচারহীনতার এমন সংস্কৃতি কোনোভাবেই কাম্য নয়। তিনি স্পষ্টভাবে বলেন, শান্তিপূর্ণ সমাবেশ এবং স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই অধিকার দমনে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার কোনো গণতান্ত্রিক দেশ সমর্থন করতে পারে না।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। সবশেষে, দেশে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
এসআর