দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগর পর্যায়ে একযোগে ২৯টি ইউনিটে কমিটি ঘোষণা করেছে ছাত্রদল।
ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটি নতুন, আর বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা
ঘোষণার মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ৭টি ইউনিট রয়েছে। এর মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।
বরিশাল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আংশিক পূর্ণাঙ্গ কমিটি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি, পুণ্ড্র ইউনিভার্সিটিতে আংশিক পূর্ণাঙ্গ কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি অনুমোদন পেয়েছে।
মহানগর শাখা-
মোট ৯টি মহানগর ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এই চারটি শাখায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং জামালপুর মহানগরেও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
জেলা শাখা-
৫টি জেলার কমিটিও অনুমোদন পেয়েছে। এগুলো হলো—নেত্রকোণা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা। সবগুলোতেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কলেজ শাখা-
কলেজ পর্যায়ে ৫টি ইউনিটে কমিটি দেওয়া হয়েছে। জয়পুরহাট সরকারি কলেজে আংশিক পূর্ণাঙ্গ, ঢাকা কলেজে বর্ধিত, আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ, নারায়ণগঞ্জের হাজী মিছির আলী ডিগ্রি কলেজে আংশিক এবং নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
মেডিকেল কলেজ শাখা-
এছাড়া ৩টি মেডিকেল কলেজ ইউনিটেও কমিটি ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতেই ধারাবাহিকভাবে এসব কমিটি অনুমোদন দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, কমিটির বিস্তারিত পাওয়া যাবে সংগঠনের ওয়েবসাইটে।
এসআর