[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬ ৬:৩০ পিএম

সংগৃহীত ছবি

দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো প্রকৃত অভাব নেই, বরং কিছু অসাধু মহলের অনৈতিক ব্যবসার কারণে একটি কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪

 এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণ করা হয়।

​জ্বালানি পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, বিশ্ব পরিস্থিতির প্রভাবে সরবরাহ ব্যবস্থায় সামান্য চাপ থাকলেও বাংলাদেশে বড় কোনো সংকট তৈরি হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব বিশ্বজুড়ে পড়লেও দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু মানুষ বেশি লাভের আশায় তেল কালোবাজারে বিক্রি করে জনভোগান্তি সৃষ্টি করছে। এই সিন্ডিকেট ও কালোবাজারি রুখতে প্রশাসনকে ইতিবাচক ও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​এ সময় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও আশার কথা শোনান তিনি। মন্ত্রী জানান, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় সচল করা এবং জেলায় মেডিকেল কলেজ স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়িত হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এসআর

সম্পর্কিত খবর