রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ডাকসু ক্যাফেটেরিয়ায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানা-সংলগ্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় ডাকসুর দুই নেতা—যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ—আহত হন বলে জানা যায়।
এ ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে।
ঘটনার পর আহতদের থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। থানার সামনে বিভিন্ন পক্ষের নেতাকর্মী ও বিক্ষুব্ধ লোকজন অবস্থান নেন।
তবে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনটির এক নেতা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে কিছু শিক্ষার্থী ও উপস্থিত জনতা হামলার চেষ্টা করে।
এ সময় তাদের নেতাকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বলেও দাবি করা হয়।
বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা বিরাজ করায় সংগঠনটি সাংগঠনিকভাবে করণীয় নির্ধারণে এই জরুরি সভার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
এসআর