চট্টগ্রামের সরকারি সিটি কলেজে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২২ এপ্রিল) বিকেলে নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত এই সমাবেশে প্রধান বক্তা
হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সমাবেশে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, চট্টগ্রামসহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ বরদাশত করা হবে না। নাছির উদ্দীন বলেন, ছাত্রদল প্রকাশ্যে সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু একটি পক্ষ গোপনে হামলা চালিয়ে নিজেদের ভুক্তভোগী সাজানোর চেষ্টা করছে, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।
বক্তব্য বা মতাদর্শ নিয়ে বিরোধ থাকলে তা আলোচনা ও যুক্তির মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কারো কোনো মত পছন্দ না হলে পাল্টা যুক্তিতে জবাব দেওয়া উচিত, হামলার পথ বেছে নেওয়া নয়। সিটি কলেজের ঘটনায় ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে।
ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়ে ছাত্রদল সেক্রেটারি হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে এ ধরনের সহিংসতা ঘটলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মিছিলটি পুরাতন রেলস্টেশন এলাকা থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসআর