[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামের স্লোগান ইস্যুতে সংসদে উত্তপ্ত বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ১০:০৯ পিএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সংঘর্ষ এবং ‘গুপ্ত’ শব্দ ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার জাতীয় সংসদেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র বাকবিনিময় হয়েছে।


বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারপক্ষের সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বিরোধী দলের সমালোচনা করেন। তার অভিযোগ, সরকারকে বিব্রত করতে বিরোধী পক্ষ নানা ধরনের অপপ্রচার ও কৌশল গ্রহণ করছে।


তিনি বলেন, সংসদে বিরোধী দলের আচরণ থেকে বোঝা যায় তারা দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আগ্রহী নয়। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি দাবি করেন, একটি শব্দ ব্যবহারের কারণে ছাত্রদের ওপর হামলা করা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থি।


এ সময় তিনি আরও বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত প্রতিনিধিরা কোনো ষড়যন্ত্রের মুখে নীরব থাকবে না এবং প্রয়োজন হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে।


সরকারদলীয় এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বক্তব্যটিকে ‘অসংসদীয়’ ও ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি তোলেন।


শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে দাঁড়িয়ে হুমকির সুরে বক্তব্য দেওয়া অনভিপ্রেত এবং এটি অস্থিতিশীলতা উসকে দিতে পারে। তার মতে, এ ধরনের মন্তব্য সুস্থ গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং বিরোধী মতকে দমন করার ইঙ্গিত বহন করে।


প্রসঙ্গত, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে একটি দেয়াললিখনকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়। ওই লেখায় ‘গুপ্ত’ শব্দ ব্যবহারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে, যা স্থানীয় রাজনীতিতেও আলোচনার জন্ম দেয়। সংসদে সেই বিষয় নিয়েই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বিতর্ক দেখা যায়।

এসআর

সম্পর্কিত খবর