চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত সাম্প্রতিক হামলার ঘটনায় পুলিশের উপস্থিতিতেই সহিংসতা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভিপি ও ছাত্রশিবির নেতা সাদিক কায়েম।
বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
সাদিক কায়েমের অভিযোগ, হামলাকারীরা হকিস্টিক, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালায়, অথচ পুলিশ তা প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখেনি। তিনি বলেন, এ ধরনের ঘটনায় দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
তিনি আরও জানান, সাম্প্রতিক এই ঘটনায় তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন। একই সঙ্গে হামলার ভিডিওচিত্রসহ বিভিন্ন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সাদিক কায়েম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে বহিরাগতদের সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এসআর