ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত রাখার উদ্যোগকে কেন্দ্র করে আর্থিক খাতে অনিয়মকারীদের পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের ব্যাংকিং খাতে অর্থপাচার ও দুর্নীতির প্রবণতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। অতীতের নানা অনিয়মের কারণগুলো বহাল থাকায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বাধা তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিতের মাধ্যমে একটি প্রভাবশালী গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জ্বালানি পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দেশ বর্তমানে এক ধরনের সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, নীতিনির্ধারণে দুর্বলতা ও স্বচ্ছতার অভাবের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, বাস্তব অবস্থা সম্পর্কে জনগণকে পুরোপুরি জানানো হচ্ছে না। দেশের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরার আহ্বানও জানান তিনি।
এসআর