সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপা বাধার সম্মুখীন হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দলটি।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, কনকচাঁপার সঙ্গে যারা অসদাচরণ করেছেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা এবং সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
রিজভী আরও জানান, নারী আসনের প্রার্থিতা বাছাইয়ে আন্দোলনে ভূমিকা, ত্যাগ, শিক্ষাগত যোগ্যতা এবং সাংগঠনিক অবদানকে গুরুত্ব দেওয়া হবে।
মনোনয়নপত্র বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য এক হাজারের বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং এর মধ্যে কয়েকশ জমাও পড়েছে।
এসআর