জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দল।
শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে সরকারি দলের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তোলেন তিনি। একই সঙ্গে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীদলীয় নেতা।
ঘটনার সূত্রপাত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাসকে কেন্দ্র করে। বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও বিলটি পাস হওয়ায় প্রতিবাদ জানিয়ে তারা সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিল পাসের পর আনুষ্ঠানিকভাবে ওয়াকআউটের ঘোষণা দেন ডা. শফিকুর রহমান, এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন ত্যাগ করেন।
এ নিয়ে চলমান অধিবেশনে এটি চতুর্থবারের মতো ওয়াকআউটের ঘটনা। এর আগেও ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল বিরোধী দল।
এসআর