ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়ন কার্যক্রম শুরু করছে বিএনপি।
এ লক্ষ্যে আজ শুক্রবার (১০ এপ্রিল) থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু হবে। আগ্রহীরা ১২ এপ্রিল পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
এর আগে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।
তফশিল অনুযায়ী, প্রার্থীদের আপিল গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, সংরক্ষিত নারী আসনের মোট সংখ্যা ৫০টি। এর মধ্যে বিএনপি ও তাদের জোট পাবে ৩৬টি আসন, জামায়াতে ইসলামী ও তাদের জোটের জন্য বরাদ্দ ১৩টি এবং একটি আসন রাখা হয়েছে স্বতন্ত্রদের জন্য।
এসআর