[email protected] শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
২০ চৈত্র ১৪৩২

জুলাই অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা নয়: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ১:২০ এএম

সংগৃহীত ছবি

জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান যেমন মুক্তিযুদ্ধের সমপর্যায়ের নয়, তেমনি এটিকে অন্যান্য রাজনৈতিক আন্দোলনের সঙ্গেও একইভাবে বিবেচনা করা ঠিক হবে না।

তার ভাষ্য অনুযায়ী, এই অভ্যুত্থান ছিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্য নিয়ে গড়ে ওঠা একটি বড় রাজনৈতিক উদ্যোগ। তিনি একে মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণের দ্বিতীয় প্রচেষ্টা হিসেবেও আখ্যায়িত করেন।


তবে এই উদ্যোগ কতটা সফল হয়েছে, সে বিষয়ে এখনই চূড়ান্ত মূল্যায়ন করার সময় আসেনি বলেও উল্লেখ করেন তিনি।
মাহফুজ আলম আরও বলেন, এই আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে ছিল রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী শাসনব্যবস্থার অবসান এবং নতুন রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা।

তার মতে, এত বিস্তৃত রাষ্ট্র পুনর্গঠনের ধারণা দেশের অন্য কোনো আন্দোলনে এত স্পষ্টভাবে দেখা যায়নি।


তিনি জানান, জুলাইয়ের এই আন্দোলন দেশের দীর্ঘদিনের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক সংগ্রাম থেকে প্রেরণা পেয়েছে। পাশাপাশি মুক্তিযুদ্ধকে তিনি বাঙালির উপনিবেশবিরোধী সংগ্রামের চূড়ান্ত পর্ব হিসেবে উল্লেখ করেন।


দেশের অতীত আন্দোলনগুলোকে আলাদা করে না দেখে একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার পর গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের লড়াইয়ে জুলাই অভ্যুত্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর