বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত আজিমদ্দিনের ছেলে।
বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলাসহ একাধিক মামলায় তিনি অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ঢাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর-১৫) বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাকে আসামি করা হয়। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
এছাড়া হত্যা ও বিস্ফোরক সংক্রান্ত অভিযোগসহ তার বিরুদ্ধে মোট ১০টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তার হওয়া এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: