জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ নামে পরিচিত একটি প্রভাবশালী মহল অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই বিভিন্ন শক্তিশালী মহল তাদের কাছে দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার প্রস্তাব দেয়।
ওই প্রস্তাবে নির্দিষ্ট কিছু স্বার্থ রক্ষার শর্তের পাশাপাশি একটি রাজনৈতিক রোডম্যাপও তুলে ধরা হয়।
তার অভিযোগ, সেই পরিকল্পনায় বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দীর্ঘায়িত করে তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার কৌশল অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও বলেন, মামলার রায় বহাল থাকলে তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারতেন না।
আসিফ মাহমুদ জানান, সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকার এই প্রস্তাবে এনসিপি সম্মত হয়নি। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই তারা অন্তর্বর্তী সরকার থেকে সরে দাঁড়ায় বলে দাবি করেন তিনি।
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, একসময় সমান সুযোগের কথা বলা হলেও এখন পূর্ববর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিকে মন্ত্রী মর্যাদা দেওয়া হয়েছে, যা নির্বাচনী পরিবেশে ভারসাম্য নষ্ট করছে।
তিনি আরও বলেন, ওই প্রস্তাবে রাজি হলে সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তি দেখিয়ে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ তৈরি করা যেত। তবে এনসিপি সেই পথে না গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছে।
আলোচনা সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: