[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

লুটপাট ও অর্থপাচারের প্রভাবে ৭-৮টি ব্যাংক কার্যত অচল: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের ব্যাংকিং খাতের একটি অংশ লুটপাট ও অর্থপাচারের কারণে সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তার দাবি, বর্তমানে অন্তত ৭ থেকে ৮টি ব্যাংক কার্যত অচল অবস্থায় রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা একটি বেসরকারি ব্যাংকে আটকে আছে, যা উত্তোলন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, এ ধরনের সমস্যা শুধু একটি ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশের একাধিক ব্যাংক একই পরিস্থিতির মুখে পড়েছে।


বর্তমান পরিস্থিতিকে ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে তিনি বলেন, এমন সময়ে দায়িত্ব নেওয়ায় সংকট মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।


বড় প্রকল্পগুলোর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বিগত সময়ে অনেক মেগা প্রকল্প নেওয়া হলেও সাধারণ মানুষ তার সুফল পায়নি। কিছু প্রকল্প জরুরি ছিল, তবে অনেক ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে।

তার ভাষ্য অনুযায়ী, হাজার কোটি টাকার প্রকল্প কয়েক গুণ বেশি ব্যয়ে বাস্তবায়ন হয়েছে, যা বড় ধরনের অনিয়মের ইঙ্গিত দেয়।


দুর্নীতির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, জেলা পরিষদ, পৌরসভা, আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অন্যান্য সরকারি দপ্তর—যেখানেই অনিয়ম হোক, সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রয়োজনে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর