সরকারের কর্মকাণ্ড নিয়ে কড়া সমালোচনা করেছেন শফিকুর রহমান।
তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক আচরণ করা হচ্ছে।
সোমবার (২৩ মার্চ) কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে টাকা ফেরতের কথা বলা হলেও বাস্তবে তা কতটা সম্ভব—এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। বিপুল সংখ্যক যাত্রী ইতোমধ্যে ঢাকা ছেড়েছে, তাদের কাছে কীভাবে এই অর্থ পৌঁছানো হবে—এ বিষয়টি স্পষ্ট নয় বলে উল্লেখ করেন তিনি।
ঈদযাত্রার অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, অনেক যাত্রী টিকিট সংগ্রহ করতে গিয়ে নানা ধরনের ভোগান্তি, অনিয়ম ও বিশৃঙ্খলার মুখোমুখি হয়েছেন। এতে উৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থে সুশাসন নিশ্চিত করতে হবে এবং চাঁদাবাজি ও অন্যায় কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইতিবাচক উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিলেও জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজনটি ছিল প্রাণবন্ত। নিজ এলাকায় আগমনে তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়।
দিনব্যাপী এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন এবং উপস্থিত অতিথিদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
এসআর
মন্তব্য করুন: