জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম বলেছেন, গণভোটে পাওয়া জনসমর্থনের গুরুত্ব ভুলে গেলে তা স্বৈরাচারী প্রবণতার সূচনা হিসেবে বিবেচিত হতে পারে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক কর্মীসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম দাবি করেন, বিএনপি প্রায় অর্ধেক ভোট পেয়ে সরকার গঠন করলেও গণভোটে জুলাই সনদের পক্ষে আরও বেশি সমর্থন এসেছে।
তার মতে, ক্ষমতায় আসার পর যদি সেই গণভোটের প্রত্যাশা ও জনগণের ম্যান্ডেট উপেক্ষা করা হয়, তাহলে সেটি গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হবে।
তিনি বলেন, জুলাই সনদ কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়; বরং এটি দেশের সাধারণ মানুষের সম্মিলিত দাবি। গণভোটে উল্লেখযোগ্য অংশের মানুষ এ সনদ বাস্তবায়নের পক্ষে মত দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সংবিধান জনগণের কল্যাণের জন্য প্রণীত এবং রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তিও জনগণ।
তাই জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না।
তিনি সতর্ক করে বলেন, জনগণ তাদের অধিকার রক্ষায় সচেতন এবং প্রয়োজনে সংসদ থেকে রাজপথ—সব জায়গায় অবস্থান নিয়ে যে কোনো ধরনের কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
এসআর
মন্তব্য করুন: