ঝিনাইদহ সদর উপজেলায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারী জামায়াত কর্মীদের একটি ইফতার মাহফিল আয়োজনকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে তরু মিয়া, তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ অন্তত আটজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত প্রায় ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাগ্নে আবু কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, তরু মিয়া প্রায় এক মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু দাবি করেন, নিহত তরু মিয়া বিএনপির কর্মী ছিলেন। ঘটনার জন্য তিনি জামায়াতের নেতাকর্মীদের দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে গিয়ে আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন।
সেখানে তিনি চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এসআর
মন্তব্য করুন: