জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মামলা বা ভয়ভীতি ব্যবহার করে দেশের তরুণ নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।
শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, জুলাই বিপ্লবের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বিরুদ্ধে কিছু অপশক্তি মামলার মাধ্যমে ভীতি সৃষ্টির চেষ্টা করেছে। প্রধান আসামি হিসেবে আসিফ মাহমুদ-কে উল্লেখ করে মামলা দায়েরের চেষ্টা করা হলেও আদালত তা গ্রহণ করেনি।
নাহিদ ইসলাম বলেন, “এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।” তিনি আরও উল্লেখ করেন, এই আন্দোলন দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার প্রতীক।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং পরাজিত অপশক্তিকে রুখতে আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করার জন্য তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
এসআর
মন্তব্য করুন: