[email protected] শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২

সংসদের দর্শক গ্যালারিতে ইউনূস, জুবাইদা ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ২:৪৮ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় দেড় বছর অন্তর্বর্তী শাসনব্যবস্থার পর নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।

 

২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের পর বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় এই অধিবেশনকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

 

অধিবেশনের শুরুতেই দেখা যায় এক ব্যতিক্রমী সাংবিধানিক পরিস্থিতি।

আগের সরকারের পতনের পর স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন পরিচালনা শুরু হয়।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাব করার সময় ১৯৭৩ সালের একটি উদাহরণ তুলে ধরে বলেন, তখনকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞ এই সংসদ সদস্যের নেতৃত্বেই সংসদের কার্যক্রম শুরু হলো।


প্রথম অধিবেশন উপলক্ষে সংসদের দর্শক গ্যালারিতেও ছিল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত থেকে অধিবেশন প্রত্যক্ষ করেন। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানও দর্শক সারিতে বসে অধিবেশন দেখেন। নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরাও এসময় সংসদ ভবনে উপস্থিত ছিলেন। ফলে অধিবেশন কক্ষ ও দর্শক গ্যালারি ছিল পুরোপুরি পূর্ণ।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

পরে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করার বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর